বেনাপোলে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে বিএনপি নেতা আবু তাহের ভারতের অনুদান
- আপডেট: ০৮:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেলে বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আবু তাহের ভারতের নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গণি বল্টু। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে পৌর পূজা উদ্যাপন পরিষদ ও পূজা ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বেনাপোল পৌর বিএনপির নেতারা, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। ধর্মীয় ভিন্নতা থাকলেও সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ এই চেতনাকে ধারণ করে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে, যাতে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
অনুষ্ঠানে আবু তাহের ভারতের উদ্যোগকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানের মাধ্যমে বেনাপোল পৌর এলাকার পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।





















