খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে হবে, মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের রক্ষা করতে হবে: ওয়াদুদ ভূঁইয়া
- আপডেট: ১১:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৪

খোকন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেছেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
খাগড়াছড়িতে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও চিন্তাভাবনা চলছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে স্থানীয় নারী ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছেন। ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণসহ খেলাধুলার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, খাগড়াছড়িতে ফুটবল ঘিরে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ফলে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়ছে। একই সঙ্গে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি’ উদ্যোগ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের সাফল্যের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটির মেয়েরা জাতীয় নারী ফুটবল দলে খেলে গৌরব অর্জন করছেন। মাটিরাঙ্গার একজন খেলোয়াড় জাতীয় দলের গোলরক্ষক হিসেবে মাঠে খেলছেন, যা এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বর্ণিল নৃত্য, সংগীত পরিবেশনা আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন উপজেলার মোট নয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নয়টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এ চ্যাম্পিয়নশিপ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
























