বেনাপোলে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি, ওষুধ ও কসমেটিকস পণ্য জব্দ
- আপডেট: ০৭:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৬১টি শাড়ি, ১টি থ্রিপিস, ৫টি চকলেট, ৬০০ পিস ওষুধ ও ১০৫টি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
অভিযানে জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





















