টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি
- আপডেট: ১১:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ২

গাজীপুর প্রতিনিধিঃ শনিবার বিকেলে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠ-সংলগ্ন মহব্বতনগর এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে, কেউ হতাহত হননি।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠ-সংলগ্ন মহব্বতনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মহব্বতনগর এলাকায় শাহিন আলমের মালিকানাধীন ঝুটের গুদামে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট কাপড়, প্লাস্টিক, নষ্ট ব্যাটারিসহ বিভিন্ন মালামালে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে গোডাউনে ডাম্পিং ও তল্লাশি কার্যক্রম চালানো হয়।
গোডাউনের মালিক শাহিন আলম ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মজুত মালামাল পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম বলেন, “ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।”
আগুনের খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েনি।





















