অসুস্থতায় ধুঁকছেন গেট পাড়ার বৃদ্ধ দম্পতি: বাঁচতে চান তারা, এজন্য একটু সাহায্য ও সহযোগিতার আকুতি
- আপডেট: ০২:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ বয়সের ভারে এমনিতেই শরীর নুয়ে পড়েছে, তার ওপর একের পর এক মারাত্নক ব্যাধি কাবু করে ফেলেছে বৃদ্ধ দম্পতিকে। একদিকে ভিটেমাটিহীন সরকারি জমিতে বসবাস, অন্যদিকে অর্থাভাবে বন্ধ হতে বসেছে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ কেনা।
শার্শার দাউদখালী গেট এলাকার বাসিন্দা সাহেব আলী (৬৪) ও তার স্ত্রী জোবেদা খাতুনের (৫০) দিন কাটছে এমনই অনাহার আর চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গেট এলাকার মৃত শুকচাঁন আলীর ছেলে সাহেব আলী প্রায় দুই বছর আগে ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে তার শরীরের একাংশ অবশ হয়ে পড়ে। হারিয়ে ফেলেন স্বাভাবিক কর্মক্ষমতা। পরবর্তীতে তার হৃদরোগ ও কিডনি জটিলতা ধরা পড়ে।
অন্যদিকে, তার স্ত্রী জোবেদা খাতুনও দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। সামান্য হাঁটাহাঁটি করলেই তিনি হাঁপিয়ে ওঠেন, এর পাশাপাশি কানেও শোনেন না তিনি। কোনোমতে গ্রামে গ্রামে চেয়ে-চিন্তে চাল তুলে দুজন মানুষের টানাপোড়েনের সংসার চলে।
চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনেরই নিয়মিত উন্নত চিকিৎসা ও সঠিক ওষুধ প্রয়োজন। বর্তমানে প্রতি মাসে তাদের অন্তত ৩ হাজার টাকার ওষুধ লাগে। কিন্তু ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো এই দম্পতির পক্ষে নিয়মিত ওষুধ কেনা তো দূরের কথা, দু বেলা দু মুঠো ডাল-ভাত জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে।
অসহায় জোবেদা খাতুন আকুতি জানিয়ে বলেন, “আমাদের দুজনেরই চিকিৎসা আর ওষুধের দরকার। কিন্তু ওষুধ কেনার কোনো সামর্থ্য আমাদের নেই। কেউ একটু সাহায্য করলে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম।”
বর্তমানে তারা সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা ও বিকাশ নম্বর: বিল্লাল হোসেন, গ্রাম: রুদ্রপুর, শার্শা, যশোর। বিকাশ (Personal): 01742-395560





















