ডেঙ্গু প্রতিরোধে শার্শায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট: ১০:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে যশোরের শার্শা উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার আয়োজনে এবং রেড ক্রিসেন্ট সোসাইটি (যশোর জেলা ইউনিট), শার্শা উপজেলা স্কাউট ও গার্লস গাইডের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বেনাপোল খেলার মাঠ থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত র্যালিটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে পথচারী, ইজিবাইকচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার রাখা এবং ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রধান অতিথি মো. নিয়াজ মাখদুম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। ড্রেন, ময়লা-আবর্জনা ও জমে থাকা পানির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।





















