যশোরে এসআরবির অভিযানে ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপসহ কাভার্ডভ্যানের চালক ও হেলপার গ্রেপ্তার
- আপডেট: ০১:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নিষিদ্ধ এসকাফ ও উইনকোরিক্স সিরাপ উদ্ধার করেছে এসআরবি (সাবেক র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর-২০২৬) রাত সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এসআরবি যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— বরিশাল কোতোয়ালী থানার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে কাভার্ডভ্যান চালক হেমায়েত উদ্দিন এবং বরিশাল তারাবুনিয়া গ্রামের দুলালের ছেলে হেলপার সুজন।
অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।
এসআরবি সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে কাভার্ডভ্যানে করে বড় একটি মাদকের চালান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেয় এসআরবি’র দল। পরে সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানে থাকা বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বস্তা থেকে ২ হাজার ২৫৬ বোতল ‘এসকাফ’ এবং ১ বোতল ‘উইনকোরিক্স’ সিরাপ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করে আটককৃতদের এসআরবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, সীমান্ত দিয়ে মাদক চালানের তথ্য পেয়েই আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। আটক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পন্ন হয়েছে। মাদক নির্মূলে এসআরবি’র এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।





















