বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন
- আপডেট: ১২:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (এমপি) যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় তাঁর দুই দিনব্যাপী (২১ ও ২২ সেপ্টেম্বর) সরকারি সফরের অংশ হিসেবে বেনাপোল সফর করেছেন। সফরকালে তিনি বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে মতবিনিময় করেন। একই সাথে বেনাপোল পৌর বিএনপি আয়োজিত তিন মাসব্যাপী সাড়ে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও পরিদর্শনে অংশ নেন।
সোমবার (২১ সেপ্টেম্বর-২০২৬) বিকেল ৪টায় বেনাপোল কাস্টমস হাউসের ‘ইছামতি’ সম্মেলন কক্ষে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাস্টমসের ঊর্ধ্বতন রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় ব্যবসায়ীরা বেনাপোল বন্দরের বিভিন্ন প্রশাসনিক ও পরিচালনাগত অনিয়মের চিত্র প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। অসাধু ব্যবসায়ী ও শুল্ক ফাঁকিবাজদের কঠোর শাস্তির আওতায় এনে সৎ ব্যবসায়ীদের জন্য নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
ব্যবসায়ীদের দাবির জবাবে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “বেনাপোল স্থলবন্দর আমাদের জাতীয় রাজস্ব আয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত মাধ্যম। বন্দরের বিদ্যমান সীমাবদ্ধতা ও ব্যবসায়ীদের সমস্যাগুলো সরেজমিনে জানতেই আমার এই আগমন। কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী উভয় পক্ষের বক্তব্য শুনে বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “বেনাপোল বন্দর থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হলে আলটিমেটলি জাতীয় অর্থনীতিই সমৃদ্ধ হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে আমরা দেশের সকল বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করছি।”
সভায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, স্টেনো-টাইপিস্ট শরীফ আহমেদ ও অফিস সহায়ক মো. আরিফ হুসাইন।
এছাড়াও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি আব্দুল মালেক, নাসিমুল গণি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক আব্দুল মুননাফ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক, পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
কাস্টমস হাউসের সভা শেষে বিকেল ৫টায় প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা এলাকার পৌর গেটে যান। সেখানে পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভা ও দীর্ঘ তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি উলাশী খালের স্ট্রিপ বাগান ও শার্শা উপজেলায় রোপিত ঐতিহ্যবাহী তালগাছের চারা রোপণের স্থান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় যশোর জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে যশোরের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী।





















