বেনাপোল বন্দরে পণ্য লোডের সময় ভারী যন্ত্রাংশ পড়ে একজন শ্রমিক গুরুতর আহত
- আপডেট: ০৯:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট-২০২৬) বিকেলে বন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের সাহায্যে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় মালামাল ওঠানোর একপর্যায়ে একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী দ্রুত ঘটনাস্থলে যান। পরে আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিক আক্তারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”
চিকিৎসক সূত্রে জানা গেছে, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং পণ্য ওঠানামার সময় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পণ্য লোড-আনলোডের সময় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















