চাহিত তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল
- আপডেট: ০২:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৩১

স্টাফ রিপোর্টার : তথ্য অধিকার আইনে আবেদন করেও কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ায় যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আপিল করেছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন মাহমুদ। মঙ্গলবার (৪ আগষ্ট) এই আপিল আবেদন জমা দেওয়া হয়।
জানা গেছে, গত ১৭ জুন ২০২৬ তারিখে পানিসারা ইউনিয়ন পরিষদের ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সরকারি রাজস্ব আয়ের পরিমাণ ও ব্যয়ের হিসাব ভাউচারসহ প্রাপ্তির জন্য তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্দিষ্ট ফরমে ইউপি সচিব বরাবর আবেদন করেন সাংবাদিক সুজন মাহমুদ। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ইউপি সচিব কোনো তথ্য প্রদান করেননি এবং তথ্য না দেওয়ার পেছনে আইনগত কোনো লিখিত কারণও জানাননি। আইন অনুযায়ী তথ্য না পেয়ে প্রতিকার চেয়ে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ বরাবর আনুষ্ঠানিকভাবে তিনি আপিল আবেদনটি দায়ের করেন।
এই বিষয়ে জানতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তার কোনো উত্তর দেননি।
এর আগে পানিসারা ইউনিয়ন পরিষদের খাল খনন, রাস্তা সংস্কার, ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে নিয়ম বহির্ভূত ভাবে প্রকল্প বাস্তবায়ন, টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন, অর্থ ব্যয় এবং হিসাব-নিকাশ নিয়ে নানা প্রশ্ন ওঠলেও সচিবের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।





















