টানা বর্ষণের ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
- আপডেট: ০৬:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ি জনপদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত হওয়া, বসতঘরে পানি ঢুকে পড়া, কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং কর্মহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়েও অবগত হন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বঙ্গমিত্র চাকমা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে পরিষদ আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, কয়েক দিনের টানা বর্ষণে অনেক পরিবারের ঘরে পানি ঢুকেছে, নষ্ট হয়েছে খাদ্যসামগ্রী ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। অনেকেই কাজ করতে না পারায় আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে। এমন সংকটময় সময়ে পাওয়া এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করবে।
উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের কারণে বহু পরিবার দুর্ভোগে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদও ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।














