মাগুরায় শ্লীলতাহানির চেষ্টাকালে লম্পটকে প্রবাসীর স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাত
- আপডেট: ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৯

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলায় শ্লীলতাহানির চেষ্টাকালে এক প্রবাসীর স্ত্রীর আত্মরক্ষার্থে চালানো আঘাতে আতাউর রহমান সবুজ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান সবুজ গত ৮ জুলাই সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো’-তে অনৈতিক প্রস্তাব ও কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী নারী।
অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সবুজের উত্ত্যক্তের মাত্রা চরম আকার ধারণ করে। তিনি ইমোতে আপত্তিকর বার্তা পাঠানোর পাশাপাশি গৃহবধূর ঘরের দরজা-জানালায় টোকা দিতে থাকেন। একপর্যায়ে ওই গৃহবধূ বাইরে বের হলে সবুজ তাঁর মুখ চেপে ধরে এবং সাথে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে সবুজের হাতের ধারালো অস্ত্রটি মাটিতে পড়ে যায়। তখন আত্মরক্ষা ও সম্ভ্রম বাঁচাতে সেই অস্ত্র তুলে নিয়েই সবুজের ওপর পাল্টা আঘাত করেন গৃহবধূ।
আহত অবস্থায় সবুজ দৌড়ে পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অধিবাসীদের একাংশের মতে, লম্পটের কুপ্রস্তাব ও হেনস্তার বিরুদ্ধে ওই গৃহবধূর এই প্রতিরোধ সঠিক ও দৃষ্টান্তমূলক আত্মরক্ষা।





















