শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ
- আপডেট: ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ইউনিফর্ম, বিভিন্ন ধরনের খেলনা এবং চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এ সময় অতিথিরা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের সবার দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা, বিকাশ ও স্বাভাবিক জীবনে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে ইউএনও ফজলে ওয়াহিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস ও আনন্দ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























