বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৫:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বেনাপোল আইসিপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৪টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ১৭ পিস ওষুধ ও ৬২টি কসমেটিকস সামগ্রী আটক করে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা।
পরে জব্দ করা চোরাচালান পণ্যগুলো আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















