শার্শায় আইনশৃঙ্খলা ও মাদক দমনে গ্রাম পুলিশদের বিশেষ নির্দেশনা
- আপডেট: ০২:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) শার্শা থানা গ্রাউন্ডে থানার সাপ্তাহিক রোলকলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের এ বিশেষ ব্রিফিং দেওয়া হয়।
ব্রিফিংয়ে ওসি মোঃ শামিনুল হক গ্রাম পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশের ‘চোখ ও কান’ হিসেবে উল্লেখ করে বলেন, পুলিশ সবসময় প্রতিটি এলাকায় সরাসরি উপস্থিত থাকতে পারে না। কিন্তু গ্রাম পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত থাকায় এলাকার কোথায় কী ঘটছে, কোনো অপরাধের প্রস্তুতি চলছে কি না কিংবা সন্দেহজনক কোনো ব্যক্তি এলাকায় অবস্থান করছে কি না—এসব তথ্য প্রথমে তাদের কাছেই আসে। তাই যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি নির্দেশ দেন।
সীমান্তবর্তী উপজেলা শার্শায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ী বা চোরাকারবারির যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় চুরি, ডাকাতি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, অপপ্রচারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও থানার ওসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাতের পাহারা জোরদার এবং পুলিশের নাইট টহল দলকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বলা হয়।
ব্রিফিংয়ে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
গ্রাম পুলিশ সদস্যরা ওসির নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করে নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
ব্রিফিং শেষে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো প্রয়োজনে থানার সঙ্গে দ্রুত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়।





















