যশোরে পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান
- আপডেট: ১১:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আমি আশা করি, তোমরা ভবিষ্যতেও এই ভালো ফলাফল অব্যাহত রাখবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
পরে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা।























