লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন করেছে সেনাবাহিনী, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট: ০৭:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৩

খাগড়াছড়ি প্রতিনিধি।। রাঙামাটির লংগদুতে দুর্গম পার্বত্য এলাকার একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ। এ সময় বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত ওই আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জোন কমান্ডার।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং আবাসিক ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়মুখী করতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় জোন কমান্ডার বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মনোবল বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























