শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
- আপডেট: ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ও কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে শার্শা থানার এসআই সুজন মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল জামতলার টেংরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে টেংরা গ্রামের মাকলার বিল নামক স্থানে চার রাস্তার মোড়ের পশ্চিম কোণে অভিযান চালিয়ে মো. কামরুল হাসান (৪১) ও মো. মিলন হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার দুজনকে থানায় নিয়ে তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাসান শার্শা উপজেলার রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে। অপর গ্রেফতারকৃত মিলন হোসেন লাউতাড়া গ্রামের মো. নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কামরুল হাসানের হেফাজতে ইয়াবা ট্যাবলেট রাখার বিষয়টি স্বীকার করেন।
অপরদিকে, একই রাতে রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই চঞ্চল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের আরেকটি চৌকস দল কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় রাড়ীপুকুর গ্রামের রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মো. সোহাগ হোসেন (২৮)কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ হোসেন রাড়ীপুকুর (স্কুলপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, পৃথক ঘটনায় নিয়মিত দুটি মাদক মামলা রুজু করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।






















