রুদ্রপুরে বিজিবির অভিযানে ১৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ
- আপডেট: ০৩:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় অবৈধ উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির একটি টহল দল এসব মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, “সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”





















