যশোরে ভৈরব নদীতে বিজিবির মৎস্য পোনা অবমুক্ত
- আপডেট: ১২:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে ভৈরব নদীতে দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর রিজিয়ন সদর)-এর উদ্যোগে জনস্বার্থে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, “দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ আমাদের জাতীয় অর্থনীতি ও জনজীবনে অপরিসীম ভূমিকা পালন করে।” এ সময় তিনি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
বিজিবি রিজিয়ন কমান্ডার আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে এ ধরনের ইতিবাচক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পরিচালক (লজিস্টিক) লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান এবং যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ।
এছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জনগণের সর্বাঙ্গীন কল্যাণ এবং বিজিবির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে পরিচালনা করা বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





















