খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফিস্টুলামুক্ত ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন শুরু
- আপডেট: ১১:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন। ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্তের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমার উপস্থিতিতে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সমন্বয়কারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
UNFPA–এর আর্থিক সহায়তা ও CIPRB–এর কারিগরি সহায়তায় পরিচালিত SR-MNCAH প্রকল্পের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা সম্ভাব্য রোগী শনাক্ত করবেন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘসময় প্রসব আটকে থাকা, অল্প বয়সে গর্ভধারণ কিংবা ঘন ঘন সন্তান নেওয়ার পর কোনো নারীর অনবরত প্রস্রাব বা পায়খানা ঝরলে তাকে ফিস্টুলার সম্ভাব্য রোগী হিসেবে শনাক্ত করা হবে। সন্দেহভাজন রোগীদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মূল্যায়ন করা হবে। প্রয়োজন অনুযায়ী তাদের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বহন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লোকলজ্জা ও সামাজিক বিচ্ছিন্নতার কারণে বহু নারী বছরের পর বছর ফিস্টুলার যন্ত্রণা নীরবে সহ্য করেন। দ্রুত রোগী শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা গেলে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
মাটিরাঙ্গার পর জেলার অন্যান্য উপজেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ফিস্টুলামুক্ত খাগড়াছড়ি এবং পরবর্তী সময়ে ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।





















