বাঘারপাড়ায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, রাস্তায় ইটের ছলিং পেয়ে খুশি গ্রামবাসী
- আপডেট: ০৮:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী একটি রাস্তা সংস্কার করে ইটের ছলিং দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
বছরের পর বছর বর্ষা মৌসুমে কাদাপানিতে দুর্ভোগ পোহানো গ্রামের বাসিন্দারা রাস্তা সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোষনগর গ্রামের নিছার মোল্লার বাড়ি থেকে করিম মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটিতে পানি ও কাদা জমে যাওয়ায় পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ত। গ্রামের এই অংশে বসবাসকারী পরিবারগুলোর দৈনন্দিন চলাচল, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণত হতো। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও রাস্তাটির স্থায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ্যে।
সম্প্রতি স্থানীয়দের এই দুর্ভোগের বিষয়টি জানতে পেরে বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির নেতা গোলাম ছরোয়ার রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁর উদ্যোগে রাস্তার প্রায় ৩০০ মিটার অংশে ইটের ছলিং দেওয়ার কাজ করা হয়। এতে দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন এলাকাবাসী।
এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় তারা অত্যন্ত খুশি। বর্ষাকালে কাদা-পানির কারণে যে দুর্ভোগ পোহাতে হতো, ইটের ছলিং দেওয়ায় তা অনেকটাই কমেছে। তারা একই সঙ্গে রাস্তাটির ভবিষ্যতে টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানান।
গ্রামবাসীর প্রত্যাশা, ইটের ছলিংয়ের পর রাস্তাটির স্থায়ী উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও উদ্যোগী হবে। এতে ঘোষনগর গ্রামের ওই অংশের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা পুরোপুরি সমাধান হবে।





















