গেড়াখোলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে, নিহত-৩, আহত-২৪
- আপডেট: ১০:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৬

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন গুরুতর আহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও চিৎকার শুরু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
























