যশোরে ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক-৩
- আপডেট: ১১:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর-২০২৬) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজারের একটি গ্যারেজের সামনে অভিযান চালায় ডিবির একটি দল। জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ওলিয়ার রহমান ঝিকরগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঞ্চনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।
অন্যদিকে, (৬ সেপ্টেম্বর-২০২৬) শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মন্ডলগাতি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রাজু আহম্মেদ (৩৫) ও মো. সাগর হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাজু আহম্মেদ বাঘারপাড়া উপজেলার সহিতখালি (ষাটখালি) এলাকার মো. হায়দার মোল্লার ছেলে। অপর আটক সাগর হোসেন একই উপজেলার আলাদিপুর এলাকার মো. চান্নু মোড়লের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইয়াবাসহ আটক দুজনকে রোববার (৬ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।





















