বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১২:৩৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় শিকারপুর বিওপির সদস্যরা ভারতীয় ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। জব্দ করা গাঁজা মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া বেনাপোল ও বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে ৩৫টি শাড়ি, দুটি কম্বল, ২৮ প্যাকেট ফুচকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ১ দশমিক ৫ কেজি কিশমিশ, তিন প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করেন। জব্দ করা চোরাচালান মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।





















