বড় আঁচড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দৌলতপুর একাদশ চ্যাম্পিয়ন
- আপডেট: ১২:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার বড় আঁচড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে বড় আঁচড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর একাদশ।
আনাস স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার ও শনিবার (২৮ ও ২৯ আগস্ট-২০২৬) দুই দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচটি জমে ওঠে। শেষ পর্যন্ত দৌলতপুর একাদশের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। বড় আঁচড়া একাদশ আর গোল পরিশোধ করতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে দৌলতপুর একাদশ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম।
অনুষ্ঠানে বক্তব্যে মো. মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
ফাইনাল ম্যাচ শেষে বিশেষ অতিথি মো. মোস্তাফিজ্জোহা সেলিম বিজয়ী দৌলতপুর একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





















