৬ হাজার ৪৬৫ অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ করেছে জামুকা
- আপডেট: ১০:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬৫ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। মঙ্গলবার (১৮ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জামুকা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জামুকার কার্যক্রমের তথ্য তুলে ধরে জানানো হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানটি গঠনের পর থেকে ১৮ হাজার ৪১৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ৭৬৮ জন শহীদ, ১৯৮ জন যুদ্ধাহত, ৫২৯ জন বীরাঙ্গনা এবং ১৬ হাজার ৯২২ জন সাধারণ মুক্তিযোদ্ধা।
এ ছাড়া বীরাঙ্গনা হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২২২টি আবেদন বর্তমানে অপেক্ষমাণ রয়েছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত উপকমিটির যাচাই-বাছাই শেষে সুপারিশ পাওয়া ১০৪ জনের গেজেট প্রকাশের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিষয়ে করা ২০২টি অভিযোগ বা আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
স্থায়ী কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান, আবদুল হান্নান, আমীর এজাজ খান ও রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

























