২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর
- আপডেট: ১০:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে অবৈধ ও মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৯ মার্চ থেকে নিয়মিত অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৫০টির বেশি অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় ২০০ প্রতিষ্ঠানকে সংশোধনের সময় দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম জানান, যেসব প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, তাদেরও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার ক্লিনিক লাইসেন্স নবায়ন করেছে। আরও ২ থেকে ৩ হাজার আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে চলছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৪১৫টি, ময়মনসিংহে ২৫২টি, চট্টগ্রামে ২৪০টি, রংপুরে ১১১টি, খুলনায় ১৫৬টি, রাজশাহীতে ৫৫টি, বরিশালে ৪৮টি এবং সিলেটে ৮টি প্রতিষ্ঠান রয়েছে।
রাজধানীতেও অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। পরিদর্শনে গুরুতর অনিয়ম ধরা পড়ায় কোনো কোনো প্রতিষ্ঠানকে জরিমানা, কোনোটি বন্ধ এবং কিছু প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, নরসিংদী, পাবনা, মানিকগঞ্জ, ঝিনাইদহ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় প্রায় দুই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

























