কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- আপডেট: ১০:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৯

কলকাতা থেকে দীপক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আটজন। নিহত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
এ ঘটনায় আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, নিহত ব্যক্তিরা হোটেলের আবাসিক ছিলেন। তাঁরা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে।
কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই এ হোটেলের অবস্থান। পাঁচতলা এ হোটেল ভবনের প্রতিটি তালায় রয়েছে বিভিন্ন হোটেল, বিভিন্ন নামে।
শিখা ইন হোটেলের এক আবাসিক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ আগুন লাগে তিনতলায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল। মানুষ আটকে পড়েন। হোটেলে ঢোকার পথ ছিল সরু ও অপ্রশস্ত। ছিল না অগ্নিনির্বাপণের ব্যবস্থা। এসব ছাড়াই হোটেলটি চলছিল।
প্রথম আলোর কলকাতার ফটোসাংবাদিক ভাস্কর মুখার্জি আজ সকাল থেকেই সেখানে আছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানান, এ হোটেলগুলো কার্যত ফায়ার সার্ভিসের কোনো অনুমতি ছাড়াই চালাচ্ছিলেন হোটেলমালিকেরা।
স্থানীয় পুলিশ নিহত ব্যক্তিদের নাম এখনো জানায়নি। তবে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে নয়জনের মৃত্যুর কথা। সেই সঙ্গে আটজনের গুরুতর আহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পাশের হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে আবাসিকদের উদ্ধারের চেষ্টা চালান। ফায়ার সার্ভিস মনে করছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
কতজন ওই হোটেলে ছিলেন, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে পাঁচতলা এ হোটেল ভবনের প্রতিটি তলায় আরও আবাসিক হোটেল আছে বিভিন্ন নামে। এখানে মূলত বাংলাদেশের পর্যটকই বেশি আসেন । এসব হোটেলে থেকে তাঁরা চিকিৎসা করান।



























