বেনাপোল ক্রীড়া সংস্থার আলোচনা সভা: যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা বাড়ানোর আহ্বান
- আপডেট: ০১:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌর ও ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস)-এর নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় বেনাপোল-এ সংস্থাটির উদ্যোগে অনুষ্ঠিত প্রথম আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায় স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এজন্য বেনাপোল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি খেলাধুলার পরিবেশ উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় আসন্ন ঈদ উপলক্ষে বেনাপোলের যেসব কৃতি সন্তান ঢাকাসহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করছেন, তাদের নিয়ে আগামী ২৩ মার্চ একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।





















