আদাবরে অভিযানে ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী
- আপডেট: ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক–০৭ নম্বর রোডের ব্রিজের গোড়ায় ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। এ সময় ‘নিঝুম টেলিকম’ নামের বিকাশের দোকানে অবস্থানকালে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে অজ্ঞাত ৪–৫ জন ছিনতাইকারী ধারালো চাপাতি দিয়ে ডান হাতে আঘাত করে।
এ সময় তারা দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের ধরতে পুলিশের একটি দল ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় অভিযান চালায়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, অভিযানের সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি এবং থানার উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন। পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ দুজন হলেন- চোরা রুবেল ও কানা আমির। এ ছাড়া কাশেম ও মো. জয় নামের আরও দুজনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযানের সময় ধারালো অস্ত্রের হামলার মুখে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ঘটনাস্থলে বিকেল পর্যন্ত পুলিশের সদস্যরা অবস্থান করছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

























