শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক-১
- আপডেট: ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটক ব্যক্তি হলেন যশোর জেলার মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















