চাঁপাইনবাবগঞ্জে কানসাট আমবাজারে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান
- আপডেট: ০১:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি
কানসাট বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উচ্ছেদ অভিযান শেষে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, “কানসাট একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী আমেরহাট। যারা অবৈধভাবে হাটের জায়গা দখল করে আছে, তাদের বিরুদ্ধে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও উচ্ছেদ অভিযান চালানো হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।”
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়ার পরও কিছু ব্যক্তি অবৈধভাবে হাটের জায়গা দখল করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফলে আইন প্রয়োগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কয়েকটি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ইউএনও জানান, অবৈধ দখলের কারণে হাটের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের অন্যতম ঐতিহ্যবাহী আমেরহাটের অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে—হাটের কোনো জায়গা দখল করা যাবে না। এরপরও কেউ অবৈধভাবে জায়গা দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, হাট ইজারার ক্ষেত্রে প্রচলিত নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হলেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমচাষি, আড়তদার ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, অবৈধ দখলমুক্ত হলে কানসাটের ঐতিহ্যবাহী আমবাজার তার স্বাভাবিক কার্যক্রম ও সৌন্দর্য ফিরে পাবে।





















