খুলনায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
- আপডেট: ১২:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুখ্যাত বি-কোম্পানির অস্ত্রধারী সন্ত্রাসী বিল্লু ও তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-স্পেশাল কোম্পানি।
রোববার (১৪ জুন,২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সরদার ইউসুফ আলীর সেমিপাকা বসতবাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই ওরফে বিল্লুর (২৬) শয়নকক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল সিপাই ও তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) আটক করা হয়।
গ্রেপ্তারের পর বিল্লুর বসতঘরে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিল্লাল সিপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন এবং হত্যাচেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে র্যাব ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।





















