সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৮:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৬১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি মদ, শাড়ি, শাল-চাদর, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটককৃত চোরাচালান সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















