বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৯:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ১০৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল, রঘুনাথপুর ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজা, WINCEREX COUGH সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ একাত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ করা চোরাচালান মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















