বেনাপোলে বিজিবি’র অভিযানে মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৭:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৬৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, শাল-চাদর, মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, আটককৃত সব চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















