বেনাপোল সীমান্তে ১০৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ
- আপডেট: ০৭:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৫৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১০৭ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ WINCEREX জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান মালামাল ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















