যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মালিকবিহীন মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১০:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৬৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় WINCEREX কফ সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, শাল-চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, অন্যান্য চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















