বেনাপোল কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লাখ টাকার বেশি নগদ অর্থ জব্দ
- আপডেট: ১১:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৮৮

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারী যাত্রীর কাছ থেকে ১৭ লাখ টাকার বেশি নগদ অর্থ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে বেনাপোল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এ অর্থ জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থানার হরিদাসপুর এলাকার রিনা বৈদা (৩৭) ও বাগদা থানার কুলিয়া এলাকার মুক্তি শাহাজী (৫৬) ব্যবসায়িক ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। বেনাপোল কাস্টমসে পৌঁছানোর পর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৭ লাখ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা উদ্ধারকৃত টাকার উৎস ও বাংলাদেশে আনার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে ডিটেনশন মেমো (ডিএম) মূলে টাকাগুলো জব্দ করা হয়। তবে পরবর্তীতে ফেরত যাওয়ার সময় বৈধ উৎসের প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
কাস্টমসের অভ্যন্তরীণ জিজ্ঞাসাবাদে রিনা বৈদা ও মুক্তি শাহাজী জানান, বনগাঁ থেকে এক নারী তাদের বেনাপোলে টাকা পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে প্রতি লাখ টাকায় ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তারা আরও জানান, বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার পর ওই নারী স্থানীয় একটি ছেলের ছবি পাঠানোর কথা ছিল এবং ছবির সঙ্গে মিল থাকা ওই ছেলের কাছে টাকার ব্যাগ হস্তান্তরের চুক্তি ছিল। ছেলেটির পরিচয় হিসেবে তারা জানান, তার চোখ ট্যারা।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসপোর্টধারী নারী যাত্রীর কাছ থেকে ১৭ লাখ টাকার অধিক নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, যার গণনা কার্যক্রম চলমান। আইন অনুযায়ী একজন যাত্রী এ পরিমাণ নগদ অর্থ এক দেশ থেকে অন্য দেশে বহন করতে পারেন না। একই সঙ্গে টাকার বিষয়ে তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে না পারায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ প্রক্রিয়ায় ডিএম মূলে টাকাগুলো জব্দ করা হয়েছে।




















