তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল
- আপডেট: ১১:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৯৮

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ওই কার্যালয়ে দলের স্থায় কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই বার্তা শুধু আপনাদের নয়, পুরো জাতির জন্য স্বস্তির বার্তা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত এবং এক যুগের বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন—তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন।
তিনি আরো বলেন, ছাত্র গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের ভূমিকা বিএনপিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তার দেশে ফেরার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে বলেও মন্তব্য করেন মহাসচিব।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়।
অবশেষে তার দেশে ফেরার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানালো বিএনপি।





















