খাগড়াছড়িতে সাংবাদিকদের এআই, ফ্যাক্ট চেকিং ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- আপডেট: ১১:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ-পরবর্তী আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতাকে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে সত্য ও মিথ্যা তথ্যের পার্থক্য নির্ণয়ে সাংবাদিকদের আরও সতর্ক, দক্ষ এবং দায়িত্বশীল হতে হবে।”
তিনি বলেন, তথ্য যাচাই-বাছাই (ফ্যাক্ট চেকিং) এখন আর শুধু একটি দক্ষতা নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার অপরিহার্য অংশ। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস. এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের আচরণবিধি সম্পর্কে প্রশিক্ষণের আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের মিডিয়া অ্যান্ড ইলেকশন প্রকল্পের প্রধান শাকিল এম ফয়সাল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে সঠিক ধারণা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এআই-এর ইতিবাচক ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, অনলাইন নিরাপত্তা এবং পেশাগত ঝুঁকি মোকাবিলা বিষয়ে তারা গুরুত্বপূর্ণ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে।
অনুষ্ঠানটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যের সত্যতা যাচাই এবং নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয়ে শেষ হয়।






















