সীমান্তে বিজিবি’র অভিযানে কম্বল ও কসমেটিকস-সহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৭:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৮৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, শাল–চাদর ও কসমেটিকসসহ বিপুল চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে তারা।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত সব চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।




















