বেনাপোল পৌর বিএনপি’র নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ১০:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৭৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণে এ সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
সভায় বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু, আলহাজ্ব আবদার রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং কৃষিবিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন—পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ এবং ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমদ শাওন।
সভায় গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত জানান, আগামী ১৭ নভেম্বর বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে পৌর বিএনপি।
তিনি বলেন, “বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ভাইকে ধানের শীষ প্রতীক দিয়েছে আমাদের দল। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।”
নেতাকর্মীদের উচ্ছ্বাস, নতুন কর্মপরিকল্পনা এবং আগামীর প্রস্তুতি ঘিরে পুরো সভা ছিল প্রাণবন্ত ও উৎসাহ ব্যঞ্জক।





















