নাভারণে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৭২

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকায় ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র বিরুদ্ধে যশোরের শার্শা উপজেলার নাভারণে উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের দিক নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে নাভারণ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি দেশের অভ্যন্তরে ‘নাশকতা ও অচলতা সৃষ্টির অপচেষ্টা’। তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনা লকডাউনের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং দেশের ভেতরে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দও এ ষড়যন্ত্রে সম্পৃক্ত রয়েছেন।
বক্তারা আরও বলেন, “এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও গণতন্ত্রপ্রেমী জনগণকে সজাগ থাকতে হবে। লকডাউনের নামে শার্শা উপজেলায় যদি কোনো নাশকতার চেষ্টা হয়, তার কঠোর জবাব দেওয়া হবে।”
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী শাহিন, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও মোজাফফর উদ্দিন, সদস্য খায়রুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, সদস্য আব্দুস সালাম, বাকিবিল্লাহ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাওন হোসেন, নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজিদুর রহমান সাজু ও সাধারণ সম্পাদক পারভেজ রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।





















