শার্শায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের গণজমায়েত
- আপডেট: ১০:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৬৬

নিজস্ব প্রতিবেদক: যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নাভারণে অনুষ্ঠিত হয়েছে দলীয় নেতাকর্মীদের এক বিশাল গণজমায়েত।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে নাভারণ বিএনপি কার্যালয়ের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যক্রম শেষে রাজধানী ঢাকা থেকে উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আবুল হাসান জহির নাভারণে পৌঁছালে ১১ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। মুহূর্তেই ‘মনোনয়ন পুনর্বিবেচনা চাই’, ‘দুর্দিনের হাসান ভাই আমরা তোমায় ভুলি নাই’ ও ‘হাসান জহির জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণজমায়েতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবুল হাসান জহির বলেন, “আপনারা শান্ত থাকুন, দল অবশ্যই মনোনয়ন পুনর্বিবেচনা করবে। গত ১৭ বছর আমি শার্শা বিএনপির হাল ধরেছি, মামলা-হামলা মোকাবিলা করেছি, জনগণের পাশে থেকেছি। দুর্দিনে আমিই এই এলাকার বিএনপির নেতৃত্ব ধরে রেখেছি।”
তিনি আরও বলেন, “যে মনোনয়ন ঘোষণা হয়েছে, তা প্রাথমিক ও সম্ভাব্য প্রার্থীর তালিকা মাত্র। জনগণের ইচ্ছাকে দল অবশ্যই মূল্যায়ন করবে। তাই হতাশ না হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ চালিয়ে যান।”
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী এ গণজমায়েতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মাজেদ, আব্দুস সাত্তার, জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, কায়বা ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, গোগা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ডিহি ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, লক্ষণপুর ইউনিয়নের সভাপতি আহসান হাবিব খোকন ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, নিজামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনসার আলী, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সহসভাপতি আহম্মদ আলী, উলশী ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহসভাপতি খোকন মেম্বার, বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বেনাপোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, মোজাফফর উদ্দিন, জাহিদ, সদস্য আলাউদ্দিন আলাল, খায়রুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, ওলামা দলের সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক আনোয়ারুল এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সোহারাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।





















