৯১ আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা, জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬
- আপডেট: ০৫:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৮১

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৯১টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে লড়বেন, এটা আগে থেকেই প্রচার ছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গী জোনায়েদ সাকির জন্য এই আসনটি বিএনপি ছাড় দিয়েছে। সেখানে তারা কোনো প্রার্থী ঘোষণা করেনি।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, ‘প্রগতিশীল, উদার ও মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান।’
তবে এবার কেউ জোটগত নির্বাচন করলেও নিজেদের প্রতীক নিয়েই ভোটে লড়তে হবে- এমন বিধান করেছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে সাকি বলেন, ‘এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।’
গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হন।
গণসংহতি আন্দোলনের ঘোষিত তালিকায় প্রার্থীদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে জোনায়েদ সাকি, পাবনা-৪ ও ঢাকা-১০ আসনে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
এ ছাড়া ঢাকা-১২ থেকে তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯ হাসান মারুফ রুমী, বরিশাল-৫ দেওয়ান আব্দুর রশীদ নীলু, নারায়ণগঞ্জ-৫ তরিকুল সুজন, ঢাকা-৭ মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩ বাচ্চু ভূঁইয়া, পাবনা-২ জুলহাসনাইন বাবু, রাজশাহী-২ থেকে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
লালমনিরহাট-২ ও ৩ থেকে দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬ থেকে আলিফ দেওয়ান, নাটোর-১ থেকে সেন্টু আলী, ময়মনসিংহ-১০ থেকে একেএম শামসুল আলম, রংপুর-২ থেকে মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩ থেকে তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪ থেকে সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪ থেকে মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫ থেকে মোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ), চট্টগ্রাম-৪ থেকে জাহিদুল আলম আল-জাহিদ।





















