বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট: ১০:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৮

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ড ভবেরবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বেনাপোল রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান এবং বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মানিক কুমার সাহা উপস্থিত থেকে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন।
মরহুমের কফিনে ফুল রেখে বিদায় জানানো হয় এবং বেনাপোল পোর্ট থানার পুলিশদল ভিউকলে করুণ সুরে বাজিয়ে তাঁকে সম্মান জানান। শার্শা ও বেনাপোল এলাকার মুক্তিযোদ্ধা ও বহু এলাকাবাসী জানাযায় অংশগ্রহণ করেন।
জানাযা নামাজে ইমামতি করেন রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মুফতি সাইদ আহম্মেদ, যিনি মসজিদের মোয়াজ্জিন মো. আব্দুল্লাহর সহায়তায় নামাজ পরিচালনা করেন। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শার্শা উপজেলার মুক্তিযোদ্ধা মহল এবং এলাকাবাসী তাঁর অমর স্মৃতিকে হৃদয়ে ধারণ করেছেন।






















