প্রতিবন্ধী হোসনা আরার পাশে সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসেন
- আপডেট: ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৩

নিজস্ব প্রতিবেদক: একটি হুইল চেয়ারের জন্য অসহায় মায়ের আকুতি ফেসবুকে ভাইরাল হওয়ার পর, প্রতিবন্ধী হোসনা আরার পাশে দাঁড়ালেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি সরেজমিনে যশোরের ঝিকরগাছার রঘুনাথপুর বাগ গ্রামে গিয়ে হোসনা আরার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
হোসনা আরা জন্ম থেকেই প্রতিবন্ধী। হাত-পা বাঁকা, কথাও বলতে পারেন না। এমনকি হামাগুড়ি দিয়েও চলাফেরা করতে অক্ষম। জরাজীর্ণ একটি হুইল চেয়ারে বসেই তার দিন কাটে। মেয়ের চিকিৎসা ও চলাচলের উপায় না থাকায় তার মা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হুইল চেয়ারের আবেদন জানান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) “একটি হুইল চেয়ারের জন্য অসহায় মায়ের আকুতি” শিরোনামে Nazrul Juel নামে একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। পোস্টটি নজরে আসে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেনের। বিষয়টি জানার পরই তিনি দ্রুত হোসনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন দুপুরে নিজেই উপস্থিত হয়ে সহায়তা প্রদান করেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি সবসময় হোসনা আরার পাশে থাকব। তার জন্য যা করা দরকার, আমি তা করব ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে জানাতে বলেছি পরিবারকে।”
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—নাভারণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মিন্টু, ইউনিয়ন যুবদল নেতা রিপন হাসান, ঝিকরগাছা উপজেলা ছাত্রদল নেতা আবির হাসান ও আলমগীর হোসেন প্রমুখ।
এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।





















