যশোরে বিজিবি’র অভিযানে বাংলাদেশ-ভারত মাদক পাচার চক্রের দুই জনসহ ১২৫ বোতল ফেন্সিডিল ও বিদেশি মদ আটক
- আপডেট: ১২:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৩

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা সামনে রেখে পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় মাদক পাচারের গোপন পরিকল্পনা ছিল দুই যুবকের। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই পরিকল্পনা বানচাল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৬টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালী থানার তারাগঞ্জ বাজার এলাকায় রাস্তার ওপর থেকে সন্দেহভাজন অবস্থায় দু’জনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিকের নাম ইন্দ্রজিৎ হালদার (৩৮), সে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ও অপরজন বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলম (৩৭), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামের আঃ গনি গাইন এর ছেলে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারত থেকে ফেনসিডিল ও বিদেশি মদ যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে আনছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ফেন্সিডিল ৫০ হাজার টাকা, বিদেশি মদ ৬ হাজার টাকা, মোবাইল ফোন ১০ হাজার টাকা ও নগদ ১৮ হাজার টাকা—সবমিলিয়ে প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের জিনিসপত্র জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় মাদক পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির সজাগ দৃষ্টি ও তৎপর অভিযানের কারণেই এসব মাদক চোরাচালান ব্যর্থ হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”





















